
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামে ভোটারদের মধ্যে টাকা বিতরণের সময় দুজনকে আটকের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন নিজলাঠিমারা গ্রামের মৃত সের আলী মোল্লার ছেলে কবির (৩০) ও রাহাত। স্থানীয়দের অভিযোগ, তারা সাধারণ ভোটারদের কাছে টাকা বিতরণ করছিলেন। এ সময় স্থানীয় লোকজন ও বিএনপি কর্মীরা তাদের আটক করেন। দলীয় কর্মীকে আটকের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি কর্মীদের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সংঘর্ষ এড়াতে পাথরঘাটা ইউনিয়ন শিবিরের সভাপতিসহ ৪-৫ জন সেখান থেকে সরে যান।
পরে জামায়াতের কর্মীরা কবির ও রাহাতকে উদ্ধার করতে এলে মোবাইল পুলিশ টিমের সদস্যরা দেশীয় অস্ত্রসহ কয়েকজনকে আটক করেন। কিছুক্ষণ পর ঘটনাস্থলে নৌবাহিনীর সদস্যরা উপস্থিত হন। আটক ব্যক্তিদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ওই আসনে জামায়াত প্রার্থী ডা. সুলতান আহমেদের ভাতিজা সাব্বির আহমেদ বলেন, আটক দুজন তাদের কর্মী নন; প্রতিপক্ষ পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে তাদের ওপর দোষারোপ করছে।
মোবাইল পুলিশের কর্মকর্তা ও জেলা পুলিশের উপপরিদর্শক বিকাশ কর্মকার মুঠোফোনে বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্র ও টাকার উৎস সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে; তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।