
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে উৎসবমুখর ও শান্ত পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল সাড়ে ৭টায় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন গৌরনদী উপজেলার শরিকল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোট দিয়ে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। একই সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. কামরুল ইসলাম খান গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।
সকাল সাড়ে ৮টার দিকে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আগৈলঝাড়া উপজেলার ছোট বাশাইল লখারমাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী আগৈলঝাড়া উপজেলার ঐচারমাঠ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। জাতীয় পার্টি (জেপি) মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলীও সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেলেও দুপুরের দিকে ফাঁকা হয়ে যায়। তবে কয়েকটি কেন্দ্রে নারী ভোটারের অংশগ্রহণ তুলনামূলক বেশি দেখা গেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ভোটারদের উপস্থিতিও ছিল।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, অনেক বয়স্ক ভোটারও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে এসেছেন।