
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
উৎসব মুখর পরিবেশে আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠানের জন্য বরিশাল-১ আসনের আগৈলঝাড়া উপজেলার ৬০টি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার, অমোচনীয় কালি এবং নির্বাচনী বিভিন্ন সরঞ্জাম।
গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের নির্বাচনী কাজে করণীয় বিষয়ে ব্রিফিংের পর পুলিশ সদস্যরা প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কেন্দ্রগুলোতে রওনা হয়েছেন। এদিকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা ও বিজিবি সদস্যরা সমগ্র উপজেলায় টহল দিচ্ছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে ৭০,০৮৫ জন পুরুষ ভোটার ও ৬৯,৭২৬ জন মহিলা ভোটারসহ মোট ভোটার সংখ্যা ১,৩৯,৮১১ জন। মোট ৬০টি ভোট কেন্দ্রের মধ্যে প্রায় ১০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেগুলোতে সর্বাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে। ভোটের দিন সকল কেন্দ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। প্রতিটি ভোট কেন্দ্রে কমপক্ষে দুই পুলিশ সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দুইয়ের বেশি পুলিশ দায়িত্ব পালন করবেন।
সেনাবাহিনী ও বিজিবি স্ট্রাইকিং ফোর্স উপজেলার পাঁচটি ইউনিয়নে টহল দিচ্ছে। নির্বাচনী অপরাধে তাৎক্ষণিক বিচারের জন্য তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে দুইজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা বাহিনী মাঠে থাকবে। এছাড়া সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ খান জানান, অবাধ, সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচনে ভোটগ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থেকে সার্বিক দায়িত্ব পালন করবে। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক আরও জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করে নির্বিঘ্নে ভোটগ্রহণে দায়িত্ব পালন করবেন। নির্বাচনের মনিটরিংয়ের জন্য উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে।