পটুয়াখালী-৩ আসন আ.লীগের কারো প্রতি জালিম হব না: জামায়াতের প্রার্থী শাহ আলম

হোম » পটুয়াখালী » পটুয়াখালী-৩ আসন আ.লীগের কারো প্রতি জালিম হব না: জামায়াতের প্রার্থী শাহ আলম
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬


 

পটুয়াখালী-৩ আসন: আ.লীগের কারো প্রতি জালিম হব না: জামায়াতের প্রার্থী শাহ আলম

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালী-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘুসহ সকল নাগরিক সমান অধিকার ও নিরাপত্তা পাবে এবং চাঁদাবাজি-দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে গলাচিপা হেলিপ্যাড মাঠে তার নির্বাচনী প্রচারণার শেষ জনসভায় তিনি এসব কথা বলেন।

 

গলাচিপা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শাহ আলম বলেন, যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তাহলে হিন্দু ভাইদের অবস্থান কী হবে- এই প্রশ্ন তুলে ভয় দেখানো হয়। কিন্তু আমরা স্পষ্ট করে বলি, বাংলাদেশে সবাই সমান। আমার মা-বোনেরা যেভাবে আছে, হিন্দু মা-বোনদের সম্মান, সম্ভ্রম, নিরাপত্তা ও অধিকারও আমাদের মতো সমানভাবে সংরক্ষিত থাকবে।

 

তিনি বলেন, ২০২৪ সালের অভ্যুত্থানের ফলে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারিত্ব কমেনি। এসব বন্ধ করার জন্যই জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা।

 

নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন কমিশনার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও ওসি সাহেব নিয়ম মানবেন। নিয়মে কোনো ব্যত্যয় হলে নিয়ম রক্ষার জন্য আমরা যে ঝড় তুলব, সেই ঝড় রুখবার শক্তি কারো নেই।

 

অতীত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল। গলাচিপা-দশমিনায় ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে প্রার্থী নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের জন্য আমরা কারো প্রতি জালিম হিসেবে আবির্ভূত হব না। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে কোনো নাগরিককে দলিত, মথিত বা জুলুমের শিকার করা হবে না।

 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা সেক্রেটারি শহিদুল ইসলাম আল কায়সারী, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, গলাচিপা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা ইয়াহিয়া খান, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. জাহিদুর রহমান ও শহিদ পরিবারের সদস্য মিরাজ মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:৩৮:৪০ ● ৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ