মনির বাজারে ইউপি ভবন রাখার দাবিতে মনপুরার তিন চরের বাসিন্দাদের মানববন্ধন

হোম » ভোলা » মনির বাজারে ইউপি ভবন রাখার দাবিতে মনপুরার তিন চরের বাসিন্দাদের মানববন্ধন
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬


 

মনির বাজারে ইউপি ভবন রাখার দাবিতে মনপুরার তিন চরের বাসিন্দাদের মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরা উপজেলার নবগঠিত কলাতলী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবন স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন তিন চরের হাজারো বাসিন্দা। মঙ্গলবার সকালে মনির বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তাঁরা। পরে বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন বাসিন্দারা।

 

কলাতলী ইউনিয়নটি বিচ্ছিন্ন ঢালচর, কাজিরচর ও কলাতলী চর নিয়ে গঠিত। ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণকাজ মনির বাজার এলাকায় চলমান রয়েছে। তবে ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক ও পুলিশ ফাঁড়ি নিয়ে একটি সমন্বিত কমপ্লেক্স নির্মাণের জন্য উপজেলা প্রশাসন আবাসন বাজারসংলগ্ন বিকল্প জমি চিহ্নিত করেছে। এ উদ্যোগের প্রতিবাদে পূর্বনির্ধারিত স্থানেই ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের কাজ চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন চরবাসী।

 

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ইউএনও খান সালমান হাবিবের হাতে স্মারকলিপি তুলে দেন তাঁরা। স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়েও স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছেন বাসিন্দারা।

 

মানববন্ধনে অংশ নেওয়া বাসিন্দারা বলেন, মনির বাজারসংলগ্ন এলাকায় ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণকাজ চলার মধ্যেই সেটি সরিয়ে আবাসন বাজারসংলগ্ন এলাকায় নেওয়ার বিষয়টি সামনে এসেছে। তিনটি চরের মানুষের যাতায়াতের সুবিধা ও জনস্বার্থ বিবেচনায় পূর্বনির্ধারিত স্থানেই ভবন নির্মাণের কাজ শেষ করা প্রয়োজন।

 

স্থানীয় ইউপি সদস্য গিয়াসউদ্দিন বলেন, মনির বাজার এলাকাটি কলাতলী, ঢালচর ও কাজিরচরের মানুষের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ মধ্যবর্তী স্থান। সেখানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হলে তিন চরের বাসিন্দারাই উপকৃত হবেন। তাই পূর্বনির্ধারিত স্থানেই নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানান তিনি।

 

এ বিষয়ে ইউএনও খান সালমান হাবিব বলেন, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক ও পুলিশ ফাঁড়ি নিয়ে একটি সমন্বিত কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে মনির বাজার এলাকায় যেখানে ইউনিয়ন পরিষদ ভবনের কাজ শুরু হয়েছে, সেখানে সব স্থাপনা একসঙ্গে নির্মাণ করতে প্রায় আট একর জমি প্রয়োজন হবে। এ কারণে ওই এলাকায় সব স্থাপনা একসঙ্গে নির্মাণ করা সম্ভব হচ্ছে না।

 

ইউএনও আরও বলেন, আবাসন বাজারসংলগ্ন এলাকায় এমন একটি জমি দেখা হয়েছে, যেখানে সব স্থাপনা একসঙ্গে নির্মাণ করা সম্ভব। তবে মনির বাজার এলাকায় আট একর জমি পাওয়া গেলে সেখানেই কমপ্লেক্স নির্মাণ করা হবে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৬:১২:৪৮ ● ৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ