ভোলায় ভিডিও ছড়িয়ে পড়ার পর ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

হোম » রাজনীতি » ভোলায় ভিডিও ছড়িয়ে পড়ার পর ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬


 

আব্বাস উদ্দিন। ছবি: সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, ভোলা

 

এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। দলটির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

 

সোমবার (১২ অক্টোবর) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মাওলানা মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের মহাসচিব স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে আব্বাস উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত চারিত্রিক স্খলনসংক্রান্ত অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, আব্বাস উদ্দিন রাজনীতির পাশাপাশি স্থানীয় একটি কওমি মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলতে দেখা যায়। এ নিয়ে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

 

এর পরিপ্রেক্ষিতে রবিবার (১১ অক্টোবর) তাঁর পদ স্থগিত করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি। কমিটির প্রধান করা হয় ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি অধ্যাপক কামাল উদ্দিনকে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় পরবর্তী সময়ে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

তবে অভিযোগের বিষয়ে আব্বাস উদ্দিনের বক্তব্য ভিন্ন। তিনি বলেন, ভিডিও কলে থাকা নারী তাঁর স্ত্রী এবং ভিডিওটি কয়েক মাস আগের। যে মুঠোফোনে ভিডিওটি সংরক্ষিত ছিল, সেটি সম্প্রতি চুরি হয়ে যায়। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করেছে বলে দাবি করেন তিনি।

 

ভিডিওটি ছড়িয়ে পড়ার ঘটনায় দুঃখপ্রকাশও করেছেন আব্বাস উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬:০৯:২৪ ● ৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ