চরফ্যাশনে বিএনপি-জামায়াত সংঘর্ষের অভিযোগ, আহত ১৫

হোম পেজ » লিড নিউজ » চরফ্যাশনে বিএনপি-জামায়াত সংঘর্ষের অভিযোগ, আহত ১৫
বুধবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৬


 

বিএনপি-জামায়াত সংঘর্ষের অভিযোগ, আহত ১৫-২০ জন

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

চরফ্যাশন টিবি স্কুল মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা জামায়েত আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন অভিযোগ করেন, টিবি স্কুল মাঠে জনসভায় যাওয়ার পথে বিএনপি কর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াত কর্মীদের উপর হামলা চালিয়েছে। এতে তাদের ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছে। অনেককে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

জামায়াতের উপজেলা আমীর আরও জানান, হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৫ জন বিএনপি নেতা আটক হয়েছেন, পরে একজনকে ছেড়ে দেওয়া হয়। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম, সহ সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান, চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রমিজ উদ্দিন, মিডিয়া ও অফিস সম্পাদক রেজাউল হাসান এমরান ও দপ্তর সম্পাদক এডভোকেট মহিবুল্লাহ মহিব প্রমুখ।

 

অপরদিকে গোয়েন্দা সূত্র জানায়, জনসভাকে বানচাল করতে পূর্ব পরিকল্পিতভাবে জামায়াত কর্মীদের ওপর হামলা চালায় বিএনপির কর্মীরা। খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪ জন বিএনপি কর্মীকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। গোয়েন্দা সূত্র আরও জানায়, আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও নৌবাহিনী কাজ করছে; অপরাধী ছাড় পাবেন না।

 

অন্যদিকে, বিএনপি নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ করেছেন।

বাংলাদেশ সময়: ২২:২৫:০৯ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ