নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, আগে করা হয়েছিল কুপিয়ে জখম

হোম » গণমাধ্যম » নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, আগে করা হয়েছিল কুপিয়ে জখম
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬


 

লুৎফুজ্জামান আলিফ ফকির। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক

 

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে। এর আগে গত ১০ নভেম্বর তাঁকে কুপিয়ে জখম করেছিল দুর্বৃত্তরা।

 

নিহত লুৎফুজ্জামান বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। তাঁর পৈতৃক বাড়ি কলমাকান্দার পোগলা এলাকায়। তবে তিনি দুর্গাপুরের বিরিশিরি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উতরাইল বাজারের একটি দোকানে বসেছিলেন লুৎফুজ্জামান। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে এর মধ্যেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির আঘাত রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

 

খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাস্থলে রওনা হচ্ছি। জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।’

 

এর আগে গত ১০ নভেম্বর দুপুরে দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় লুৎফুজ্জামানকে কুপিয়ে জখম করেছিল দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাঁকেও অস্ত্র উঁচিয়ে ধাওয়া করা হয়।

 

জানা গেছে, লুৎফুজ্জামান সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক চোরাচালান নিয়ে নিয়মিত লিখতেন।

বাংলাদেশ সময়: ২২:৫২:৫১ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ