
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনি বলেছেন, বেতাগী উপজেলার অনেক জনপ্রতিনিধি কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় এই অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে। তিনি ভোটারদের ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান জানান।
শনিবার সন্ধ্যায় বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় আলহাজ্ব নুরুল ইসলাম মনি বলেন, আসন্ন নির্বাচনে অবহেলিত জনপদের উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিতে হবে। জঙ্গিবাদী ও উগ্রবাদী রাজনীতিকে প্রত্যাখ্যান করতে হবে। তিনি জামায়াতে ইসলামীর মতো সংগঠনকে দেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি অভিযোগ করেন, কিছু চরমপন্থী গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে ঢুকে গোপন তৎপরতা চালাচ্ছে। তারা বাংলাদেশের অস্থিতিশীলতা চাইছে। তাই এ ধরনের ফাঁদ এড়িয়ে উন্নয়নের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
নুরুল ইসলাম মনি বেতাগীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারাই আমার শক্তি ও সাহস। আপনাদের সমর্থনেই আমরা বিজয়ের পথে এগিয়ে যাব। আমি নির্বাচিত হলে বেতাগী থেকে উন্নয়নের কাজ শুরু করব। আমি ইতিপূর্বে তিন বার এমপি ছিলাম এবং সর্বাধিক উন্নয়ন করেছি; ইনশাআল্লাহ আবারও করব।
জনসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।