
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার সকাল ১১টায় রিপোর্টার্স ক্লাব চত্বরে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়।
এরপর ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্যদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরশহর অডিটোরিয়ামে আলোচনা সভায় গিয়ে শেষ হয়। আলোচনা সভার শুরুতে কেক কাটা হয় এবং অতিথিবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন।
কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক আরিফ সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন তালুকদার, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোফরান পলাশ এবং কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।