সুন্দরবনে বনদস্যুদের হাতে রিসোর্ট মালিকসহ তিনজন অপহৃত

হোম » লিড নিউজ » সুন্দরবনে বনদস্যুদের হাতে রিসোর্ট মালিকসহ তিনজন অপহৃত
শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬


 

সুন্দরবনে বনদস্যুদের হাতে রিসোর্ট মালিকসহ তিনজন অপহৃত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট 

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে সশস্ত্র বনদস্যুরা একটি রিসোর্টের মালিকসহ তিনজনকে অপহরণ করেছে। অপহৃতদের মধ্যে রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় ও ঢাকার বাসিন্দা দুই পুরুষ পর্যটক রয়েছেন।

বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসা রিসোর্ট মালিকসহ মোট পাঁচজন (দুই নারী, তিন পুরুষ) ঢাংমারী এলাকায় অবস্থিত ‘রিসোর্ট গোলকানন’-এ অবস্থান নেন। বিকেলে তারা নৌকায় করে রিসোর্ট সংলগ্ন খালে ঘুরতে গেলে সশস্ত্র দস্যুরা নৌকাটি আটক করে সবাইকে তুলে নেয়। রাতে দুই নারী পর্যটককে ছেড়ে দেওয়া হলেও রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি রাখা হয় এবং মুক্তিপণ দাবি করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রিসোর্ট মালিকের ছোট ভাই উত্তম বাছাড়।

খুলনা জেলার দাকোপ থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান জানান, অপহৃতদের উদ্ধারে থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালাচ্ছে। অপহৃত দুই পর্যটকের নাম মো. সোহেল ও জনি; তারা ঢাকার বাসিন্দা। এদিকে ঘটনার পর শনিবার দিনভর ওই এলাকায় পর্যটক ও ট্যুর নৌযান চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ২০:২৪:৫০ ● ১৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ