সাগরকন্যা প্রতিবেদক, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদল নেতা মো. লিখন (২৬) আটক হয়েছেন। তিনি আলমডাঙ্গা পৌরসভার বাবুপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত তারাচাঁদ শেখের ছেলে।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে অভিযান পরিচালনা করা হয়। হারদী অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তোফাজ্জেল হকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযানে অংশ নেয়। তাদের সঙ্গে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দলও ছিল।
অভিযান শুরুর আগে পুরো এলাকা ঘিরে রাখা হয়। পরে বাবুপাড়ার একটি টিনের ঘরে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ কুড়াল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় মো. লিখনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক হবে। উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে এ ধরনের অভিযানে এলাকায় নিরাপত্তার অনুভূতি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলমডাঙ্গা থানার ওসি মো. বানী ইসরাইল অস্ত্রসহ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মো. লিখনকে আদালতে সোপর্দ করা হয়েছে।