সর্বশেষ

কনসার্টে অনুদান, চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা পেল বায়েজিদ

হোম পেজ » কুয়াকাটা » কনসার্টে অনুদান, চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা পেল বায়েজিদ
শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫


 

কনসার্টে অনুদান, চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা পেল বায়েজিদ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

১০ বছরের বায়েজিদ কয়েক মাস আগে নিজ বাড়িতে বাম পায়ে আঘাত পেয়ে গোড়ালি ভেঙে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। দিনমজুর বাবা প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা করালেও পুরোপুরি সেরে ওঠেনি সে। বরং ইনফেকশন বাড়তে বাড়তে হাঁটা বন্ধ হয়ে যায় শিশুটির।

বায়েজিদ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের চানমিয়া–শিরিন দম্পতির সন্তান। শিশুর চিকিৎসায় নিজের সবটুকু সম্বল খরচ করেও সফল হননি তারা। পরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের উন্নয়নে কাজ করা আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ-এর সহায়তায় নতুন করে চিকিৎসা শুরু হয় বায়েজিদের।

শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে চিকিৎসা ব্যয়ের জন্য কনসার্টের আয়োজন করে সংস্থাটি। শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কুয়াকাটা সৈকতের পর্যটন পার্ক মাঠে আয়োজিত সেই কনসার্টে স্থানীয় মানুষ, পর্যটক এবং সংস্থার প্রতিনিধিরা অনুদান দেন।

সবার সহযোগিতায় প্রায় ৩০ হাজার টাকা সংগ্রহ হয়। পরে সংস্থাটি আরও ২০ হাজার টাকা যোগ করে মোট ৫০ হাজার টাকা বায়েজিদের মায়ের হাতে তুলে দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।

বায়েজিদের মা শিরিন আক্তার বলেন, সন্তানের অসুস্থতার কষ্ট ভাষায় প্রকাশ করার নয়। আজ যারা আমার ছেলের পাশে দাঁড়িয়েছেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। গুড নেইবারসকেও ধন্যবাদ জানাই। তিনি সবার কাছে সন্তানের সুস্থতার জন্য দোয়া চান।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। গুড নেইবারসের এই উদ্যোগ প্রশংসনীয়। সবাই যদি এভাবে সহযোগিতা করেন, তাহলে অনেক বায়েজিদ সুস্থ হয়ে দেশকে এগিয়ে নেবে।

বাংলাদেশ সময়: ১২:৫৪:৩১ ● ১৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ