সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জের মুকসুদপুরে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরসহ ১০টি যানবাহনের সংঘর্ষে ইলিয়াস ফকির নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় বিভিন্ন যানবাহনের শতাধিক যাত্রী আহত হয়েছেন। নিহত ইলিয়াস ফকির রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ছিলেন। তিনি সংসদ সদস্যের গাড়িবহরে ছিলেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নির্বাচনী এলাকার উদ্দেশে যাচ্ছিলেন। পথে বরইতলা এলাকায় প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একের পর এক যানবাহন পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় চারটি বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সংসদ সদস্যের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে। দুর্ঘটনায় সংসদ সদস্য অক্ষত রয়েছেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় বিভিন্ন যানবাহনের শতাধিক যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত আরও ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।