সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
স্বামীর অবহেলা, অভাব-অনটন আর নিজের অসুস্থতায় চরম অসহায় হয়ে পড়েছিলেন অনিকা আক্তার। একপর্যায়ে ১৫ মাসের শিশুপুত্র আল-আমিনকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের কাছে তুলে দেন তিনি। এ ঘটনার খবর পেয়ে হস্তক্ষেপ করেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লা। তাঁর উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে শিশুটিকে উদ্ধার করা হয়।
এর আগে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে শিশুটিকে বিক্রির ঘটনা ঘটে। শিশুটিকে অর্থের বিনিময়ে নিয়েছিলেন মোংলা উপজেলার শহিদুলের স্ত্রী নূরজাহান বেগম।
খোঁজ নিয়ে জানা যায়, অনিকা আক্তার বারইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামের হাসান চৌধুরী নামের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে জন্ম নেয় আল-আমিন। বর্তমানে শিশুটির বয়স ১ বছর ৩ মাস।
অনিকা আক্তার জানান, বিয়ের পর থেকে স্বামী তাঁর ও সন্তানের যথাযথ খোঁজখবর রাখতেন না। এতে সংসারে তীব্র আর্থিক সংকট দেখা দেয়। এর মধ্যে তিনি নিজেও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে সন্তানের ভরণপোষণের সামর্থ্য হারিয়ে চরম অসহায়ত্বের মুখে পড়েন। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে ছেলেকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের কাছে তুলে দেন।
শিশুটির নানা পলাশ শেখ বলেন, ‘আমার বয়স হয়েছে, নানা রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচই জোগাড় করতে পারি না, তার ওপর মেয়ে ও মেয়ের সন্তানের ভরণপোষণ কীভাবে জোগাড় করব?’
নিজের অসুস্থতা ও অসহায়ত্বের কথা তুলে ধরে অনিকা বলেন, আমি জটিল রোগে আক্রান্ত। অভাব-অনটনের মধ্যে ছেলেকে কী খাওয়াব? বাধ্য হয়েছিলাম।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লা বলেন, খবর পেয়ে শিশুটিকে দ্রুত উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে কোনো শিশুকে বিক্রি করার সুযোগ নেই। আপাতত মায়ের শারীরিক অবস্থা ও সার্বিক বিষয় বিবেচনা করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তী সময়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।