সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে বিনামূল্যে চক্ষু ও নাক-কান-গলা (ইএনটি) চিকিৎসাসেবা পেয়েছেন ছয় শতাধিক রোগী। বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশন ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) দরগাহ মাঠসংলগ্ন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদে এ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। এতে চক্ষু ও নাক-কান-গলা বিভাগের ছয় শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা নেন।
সকাল ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব ও বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. মো. ফরিদুল ইসলাম বাবলু। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক ও বাগেরহাটের কৃতী সন্তান শেখ এমএ আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রথিতযশা নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. এস এম জামালুর রহমান, ফাইজারের সাবেক নির্বাহী ফার্মাকোলজিস্ট শেখ আবদুল আলীম এবং অবসরপ্রাপ্ত মেজর জিহাদুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিজ্ঞান ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু শাহমা, লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মো. উলিউল্লাহ, স্বপ্ন নীড় এতিম ও বৃদ্ধ নিবাসের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, সরদার নাসির উদ্দিন, লনি, বেগ, শামীম এবং ক্যাম্পের সমন্বয়ক সাংবাদিক রুহুল আমিন বাবু, সালমান হোসেন ও সুমন হালদার ভাষানী।
আয়োজকেরা জানান, ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। প্রাথমিক চিকিৎসা শেষে বাছাই করা রোগীদের পরবর্তী সময়ে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তাঁরা আরও জানান, অর্থের অভাবে কেউ যেন চোখের আলো কিংবা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেই মানবিক দায়বদ্ধতা থেকেই এ আয়োজন। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।