স্বৈরশাসকরা সমস্যাকে সমস্যা হিসেবে স্বীকার করতে চায় না: ফয়জুল করীম

হোম » বরিশাল » স্বৈরশাসকরা সমস্যাকে সমস্যা হিসেবে স্বীকার করতে চায় না: ফয়জুল করীম
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬


স্বৈরশাসকরা সমস্যাকে সমস্যা হিসেবে স্বীকার করতে চায় না: ফয়জুল করীমসাগরকন্যা প্রতিবেদক, মুলাদী (বরিশাল)

 

রাষ্ট্রের সমস্যা ও সংকট স্বীকার করে তা সমাধানে উদ্যোগ নেওয়াই সুশাসনের প্রথম শর্ত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেছেন, স্বৈরশাসকরা সমস্যাকে সমস্যা হিসেবে স্বীকার করতে চান না। বিএনপি সরকারের মধ্যেও সমস্যা অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বরিশালের মুলাদী উপজেলার পূর্ববাজারে ইসলামী যুব আন্দোলন মুলাদী উপজেলা শাখা আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ফয়জুল করীম বলেন, রাষ্ট্রে নানা ধরনের সমস্যা ও সংকট তৈরি হবে। রাষ্ট্রের পরিচালক হিসেবে সরকারের দায়িত্ব হচ্ছে সেগুলো যথাযথভাবে চিহ্নিত করা এবং স্বীকার করে নেওয়া। এটি সুশাসনের প্রধান ও প্রথম আলামত।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তাঁর বক্তব্যে সমস্যা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা মনে হয়েছে। সাম্প্রতিক সময়ে পতিত স্বৈরাচারের ফিরে আসাকে কেন্দ্র করে বহু গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদর দপ্তর পর্যন্ত ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। খুলনা আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত ১০ মাসে সেখানে ৭০ জনের বেশি মানুষ খুন হয়েছেন। খুলনার সরকারদলীয় নেতারাও পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করছেন।

 

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য-উপাত্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপন ও ব্যাখ্যা করে আত্মতৃপ্তিতে ভুগছেন। সরকারকে বলব, খারাপ সময়ের সঙ্গে তুলনা করে নিজেদের ভালো দেখানোর প্রবণতা থেকে বেরিয়ে আসুন।

 

বিদেশি গোয়েন্দাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের অভিযোগ তুলে প্রশ্ন রেখে ফয়জুল করীম বলেন, সরকারি দলের কাছে তথ্য আছে, বিরোধী দল বিদেশি গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেছে। আবার বিরোধী দল বলেছে, সরকারি দল বৈঠক করেছে এবং তাদের কাছে এ বিষয়ে নথি রয়েছে। তাহলে কি ধরে নিতে হবে, উভয় দলই বিদেশি গোয়েন্দাদের সঙ্গে সমঝোতা করে চলছে?

 

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা আল আমীন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম ও কেন্দ্রীয় সদস্য কে এম শরীয়াতুল্লাহ।

 

এ ছাড়া বক্তব্য দেন মুলাদী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এফ এম মাইনুল ইসলাম, সহসভাপতি আলহাজ নেছার উদ্দীন ও সাধারণ সম্পাদক আবুল কাশেম।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৫৭ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ