বরিশালে হারিয়ে গেছে ৯০ শতাংশ জলাশয়, বাড়ছে জলাবদ্ধতা ও অগ্নিঝুঁকি

হোম » বরিশাল » বরিশালে হারিয়ে গেছে ৯০ শতাংশ জলাশয়, বাড়ছে জলাবদ্ধতা ও অগ্নিঝুঁকি
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬


বরিশালে হারিয়ে গেছে ৯০ শতাংশ জলাশয়, বাড়ছে জলাবদ্ধতা ও অগ্নিঝুঁকিসাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

একসময় খাল, পুকুর ও দিঘিবেষ্টিত নগর ছিল বরিশাল। নগরায়ণের চাপে দখল ও ভরাটে হারিয়ে গেছে অধিকাংশ জলাশয়। সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশই এখন বিলীন। ২৪টি খালের মধ্যে সাতটির অস্তিত্ব নেই, ১৩টি মৃতপ্রায়। পানিপ্রবাহ রয়েছে মাত্র চারটিতে। জলাশয় ও খাল হারিয়ে একদিকে বাড়ছে জলাবদ্ধতা, অন্যদিকে কমছে ভূগর্ভস্থ পানির স্তর। অগ্নিকাণ্ডের সময় পানি সংগ্রহের উৎস সংকুচিত হওয়ায় ঝুঁকিতে পড়েছে ফায়ার সার্ভিসের কার্যক্রমও।

 

তথ্যমতে, আশির দশকের আগে বরিশাল নগরে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় দুই হাজার পুকুর ও দিঘি ছিল। ২০১১ সালে প্রণীত বরিশাল সিটির মহাপরিকল্পনা অনুযায়ী, নগরে সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুর ছিল ৪৩৬টি। ভরাট হতে হতে বর্তমানে সেই সংখ্যা ২০০-এর নিচে নেমেছে। অন্যদিকে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) যৌথ জরিপে নগরে ব্যক্তিমালিকানাধীন ছোট-বড় প্রায় দেড় হাজার পুকুরের অস্তিত্ব পাওয়া গেছে। এসবের অধিকাংশই ভরাট করে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন।

 

নগরীর বিভিন্ন এলাকায় এখনো চলছে জলাশয় ভরাট। ব্যক্তিমালিকানাধীন পুকুরের পাশাপাশি বাদ পড়ছে না সরকারি ও ঐতিহ্যবাহী জলাশয়ও। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে প্রায় ৮০ শতাংশ আয়তনের একটি জলাশয় ভরাটের চেষ্টা চালানো হয়েছে। একই সড়কে হেমায়েত উদ্দিন ডায়াবেটিক হাসপাতালের পাশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মালিকানাধীন ৯০ দশমিক ৫০ শতাংশের আরেকটি জলাশয় ভরাট শুরু হলে পরিবেশ অধিদপ্তর তা বন্ধ করে দেয়। নগরীর নথুল্লাবাদে প্রায় তিন একরের একটি জলাধারের সিংহভাগ ভরাট করে প্লট তৈরি করে বিক্রি করা হয়েছে।

 

পুকুর-দিঘির মতো নগরীর খালগুলোও দখল ও ভরাটের শিকার। খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ এবং ময়লা-আবর্জনা ফেলায় বাধাগ্রস্ত হচ্ছে পানিপ্রবাহ। ২৪টি খালের মধ্যে সাতটির অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ১৩টি খাল মৃতপ্রায়। পানিপ্রবাহ সচল রয়েছে মাত্র চারটিতে। দখল ও দূষণে ভাটার খালের অবস্থাও শোচনীয়।

 

একসময় বৃষ্টির পানি খাল ও পুকুরে জমা হতো। এখন সেসব জলাধারের জায়গায় স্থাপনা গড়ে ওঠায় সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় পানি জমছে। জলাশয় কমে যাওয়ায় বৃষ্টির পানি মাটির নিচে প্রবেশের সুযোগও কমছে। এতে ক্রমেই নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। সংশ্লিষ্টদের অভিযোগ, দুই দশক আগে ৭৮০ থেকে ৮২০ ফুট গভীরতায় সুপেয় পানি পাওয়া গেলেও এখন ৯৫০ ফুটের নিচে না গেলে পানি পাওয়া কঠিন হয়ে পড়েছে।

 

জলাশয় সংকটের প্রভাব পড়ছে অগ্নিনির্বাপণেও। নগরীর কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়িতে থাকা পানির মজুত শেষ হয়ে গেলে কাছাকাছি পুকুর, দিঘি বা জলাশয় থেকে পানি সংগ্রহ করতে হয়। কিন্তু একের পর এক জলাশয় ভরাট হওয়ায় বিকল্প পানির উৎস কমে গেছে।

 

বরিশাল সচেতন নাগরিক সমাজের সদস্যসচিব ডা. মিজানুর রহমান বলেন, এভাবে জলাশয় হারিয়ে যেতে থাকলে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের পানি সংগ্রহের উৎস থাকবে না। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হবে। নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃষ্টির পানি ধারণ, জলাবদ্ধতা নিরসন, ভূগর্ভস্থ পানির স্তর পুনর্ভরণ ও অগ্নিনির্বাপণের জন্য পুকুর, দিঘি ও খাল অপরিহার্য।

 

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, রিজার্ভ ট্যাংকের পানি দিয়ে আগুন নেভাতে গেলে অনেক সময় তা অপর্যাপ্ত হয়ে পড়ে। তখন ঘটনাস্থলের কাছাকাছি জলাশয় থেকে পানি সংগ্রহ করতে হয়। কিন্তু বরিশালে দিন দিন জলাশয় কমে যাওয়ায় প্রায়ই পানির সংকটে পড়তে হচ্ছে।

 

বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, পুকুর ও জলাশয় ভরাট ঠেকাতে নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:২৩ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ