মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত চরফ্যাশনের আনাস, ফিরবেন কফিনবন্দী হয়ে

হোম » ভোলা » মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত চরফ্যাশনের আনাস, ফিরবেন কফিনবন্দী হয়ে
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬


মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চরফ্যাশনের একমাত্র ছেলেরসাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

জীবিকার তাগিদে পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ভোলার চরফ্যাশনের আনাস (২৪)। প্রায় তিন বছর পর তাঁর দেশে ফেরার কথা ছিল স্বজনদের কাছে। কিন্তু সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে ফিরতে হচ্ছে কফিনবন্দী হয়ে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) মালয়েশিয়ায় কর্মস্থলসংক্রান্ত যাতায়াতের পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আনাস। দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

 

নিহত আনাস ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন ২১ নম্বর আহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির আব্দুল হক হাওলাদারের একমাত্র ছেলে।

 

স্বজনরা জানান, পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় ২০২৩ সালে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন আনাস। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মাসহ স্বজনরা শোকে ভেঙে পড়েছেন। তাঁর মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে আহাম্মদপুর ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে আসে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, আনাসের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:০৭ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ