আমতলীতে জয় বাংলা স্লোগান দেওয়ার মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

হোম » বরগুনা » আমতলীতে জয় বাংলা স্লোগান দেওয়ার মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
রবিবার ● ৮ নভেম্বর ২০২৬


 

আমতলীতে জয় বাংলা স্লোগান দেওয়ার মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাহবুবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

 

শুক্রবার দুপুরে আমতলী পৌর শহরের ডাকবাংলো সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে পুলিশ তাঁকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর আমতলী উপজেলার ইউনুস আলী খান ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের বক্তব্য শেষে কয়েকজন শিক্ষার্থী জয় বাংলা স্লোগান দেন। এ ঘটনায় পরদিন ৯ অক্টোবর ৩২ জনকে আসামি করে আমতলী থানায় মামলা করা হয়। ওই মামলায় মাহবুবুল ইসলাম ২২ নম্বর আসামি।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, মামলার আসামি মাহবুবুল ইসলামকে গ্রেপ্তার করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

 

আদালতের সিএসআই মো. আনোয়ার হোসেন বলেন, মাহবুবুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ৭:২৫:১৭ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ