সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল নগরীতে বিএনপির সমাবেশ চলাকালে নিজ দলের নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত হয়েছেন যুবদলের সাবেক নেতা আতিকুল ইসলাম রাব্বি। পুরোনো বিরোধের জেরে তাঁর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত রাব্বি বরিশাল মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য। তিনি বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারের অনুসারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ চলাকালে মঞ্চের কাছাকাছি অবস্থান করছিলেন রাব্বি। এ সময় হঠাৎ কয়েকজন তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁকে মারধর করে রক্তাক্ত করা হয়।
রাব্বির অভিযোগ, হামলাকারীদের মধ্যে সোবাহান নামে একজন ছিলেন। তাঁরা বরিশাল মহানগর বিএনপির একজন নেতার অনুসারী হিসেবে সমাবেশে উপস্থিত হয়েছিলেন।
রাব্বি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে হামলাকারীরা টুটুলের অনুসারী ছিলেন এবং এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। ওই সময় তাঁরা তাঁর দোকানে চাঁদা দাবি করেছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের সঙ্গে বিরোধ তৈরি হয়। পুরোনো সেই বিরোধের জেরেই সমাবেশের মধ্যে তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ঘটনার সময় তাঁরা মঞ্চে অবস্থান করছিলেন। বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং ভুল বোঝাবুঝি। ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।