সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (খুলনা)
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরের শার্শায় র্যালি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শার্শা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন যশোর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন আহম্মেদসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বরের অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের পর তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সেনানিবাসে বন্দি হন। ৭ নভেম্বর সিপাহি-জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি মুক্ত হন।
তাঁরা আরও বলেন, ১৯৭৫ সালের ৩ থেকে ৬ নভেম্বর পর্যন্ত দেশে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বিরাজ করছিল। এমন সংকটময় পরিস্থিতিতে ৭ নভেম্বরের ঘটনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিপাহি ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে দিনটি জাতীয় সংহতি ও দেশপ্রেমের ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে রয়েছে।
বক্তারা বলেন, পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয় এবং দেশে বহুদলীয় রাজনৈতিক চর্চার সূচনা হয়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।