
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। এ অবস্থায় পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত মধ্যরাতে নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে আরও বাড়তে পারে। নিম্নচাপের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সাবেক সভাপতি মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, নিষেধাজ্ঞা শেষ করে জেলেরা সাগরে যেতে না যেতেই আবার আবহাওয়া খারাপ হয়ে গেছে। তারপরও সব জেলেকে সতর্কতার সঙ্গে সাগরের কিনারায় মাছ ধরতে বলা হয়েছে।
এমবি/এমআর