কয়রায় নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান

হোম » খুলনা » কয়রায় নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬


 

কয়রায় নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যসেবা গ্রহণে সচেতনতা বৃদ্ধি এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

 

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) সংস্থার ‘আরডব্লিউভিএল-বি’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এক ডায়ালগে বক্তারা এ আহ্বান জানান।

 

আইআরভির নির্বাহী প্রধান মেরিনা পারভীন জুথির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল আজাদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইআরভির প্রোগ্রাম ম্যানেজার ছালমা পারভীন।

 

আলোচনায় বক্তারা বলেন, নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, পুষ্টি, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিষয়ক সঠিক তথ্য নিশ্চিত করা জরুরি। বিশেষ করে কিশোরী ও নারীদের মাসিক স্বাস্থ্যবিধি, বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

 

তাঁরা আরও বলেন, প্রজনন স্বাস্থ্য নিয়ে সামাজিক সংকোচ ও কুসংস্কার দূর করতে হবে। একই সঙ্গে নারীরা যাতে নির্ভয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এবং সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সে পরিবেশ তৈরি করা জরুরি।

 

বক্তারা জানান, নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা ও কমিউনিটির প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে নারীদের নিজেদের স্বাস্থ্যসমস্যা সম্পর্কে সচেতন করা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. মহসিন আলী, সাংবাদিক মো. রিয়াছাদ আলী ও মো. কামাল হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তু অধিকারী, ইউপি সদস্য সরদার আবু হাসান এবং কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি বিলকিস আক্তার।

 

এ ছাড়া আইআরভির নারী দলের সদস্য মমতাজ বেগম, কবিতা রানী, পল্লবী মণ্ডল ও দিপালিকা সরদার বক্তব্য দেন।

 

ডায়ালগে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও প্রকল্পের উপকারভোগীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪:৪২:২৩ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ