
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটিতে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ প্রতিরোধে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সরকারি নলছিটি ডিগ্রি কলেজের হলরুমে থানা পুলিশের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।
সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আবু সুফিয়ান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান, প্রভাষক আলমগীর হোসেন, সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল বাশার রানা এবং নলছিটি মহিলা কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন পান্নু।
এ ছাড়া সরকারি নলছিটি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হিমেল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাতুল গাজী, সাংগঠনিক সম্পাদক রাতুল সিকদারসহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেরিন সুলতানা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘তোমরা এখন যারা লেখাপড়া করছ, পড়ালেখা শেষ করে দেশের বিভিন্ন ভালো কাজের সঙ্গে যুক্ত হবে। কিন্তু মনে রাখবে, মাদকের সঙ্গে জড়ানো যাবে না। কারণ, এখন সর্বক্ষেত্রেই ডোপ টেস্ট করানো হয়। ডোপ টেস্টে পজিটিভ হলে তোমরা সমাজের বোঝা হয়ে যাবে।’
এর আগে শিক্ষার্থীরা আলোচ্য বিষয়গুলো নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।