কলাপাড়ায় হাঁস পালন ও সবজি চাষে স্বাবলম্বী হচ্ছেন উপকূলের নারীরা

হোম » কৃষি » কলাপাড়ায় হাঁস পালন ও সবজি চাষে স্বাবলম্বী হচ্ছেন উপকূলের নারীরা
রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬


 

কলাপাড়ায় হাঁস পালন ও সবজি চাষে স্বাবলম্বী হচ্ছেন উপকূলের নারীরা

কাজল বরণ দাস, পটুয়াখালী

 

একসময় সংসারের কাজেই সীমাবদ্ধ ছিল উপকূলের অধিকাংশ নারীর জীবন। পরিবারের পুরুষ সদস্যদের ওপর নির্ভর করেই চলত তাঁদের দৈনন্দিন জীবন। সংসারের বাইরে আয়-রোজগারের সুযোগও ছিল সীমিত। তবে সময়ের সঙ্গে বদলাচ্ছে সেই চিত্র। বাড়ির আঙিনায় সবজি চাষ ও হাঁস পালনের মাধ্যমে নিজেদের আয়ের পথ তৈরি করছেন উপকূলের নারীরা। এতে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ও হচ্ছে। এমন উদ্যোগে নতুন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অসহায় ও দুস্থ নারীরা।

 

কলাপাড়া উপজেলার চম্পাপুর গ্রামের বিধবা হাসিনা বেগম। স্বামীকে হারানোর পর সংসারের দায়িত্ব সামলাতে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। সীমিত সামর্থ্যে সংসার চালানো ছিল কঠিন। এখন বাড়ির আঙিনায় সবজি চাষ ও হাঁস পালনের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। বসতভিটায় ছোট ছোট সবজি বাগান তৈরি করে চাষ করছেন বিভিন্ন জাতের শাকসবজি। পাশাপাশি পালন করছেন খাকি ক্যাম্বেল জাতের হাঁস। সবজি ও হাঁস থেকে আয় করে সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখছেন হাসিনা।

কলাপাড়ায় হাঁস পালন ও সবজি চাষে স্বাবলম্বী হচ্ছেন উপকূলের নারীরা

 

হাসিনা বেগম বলেন, আগে সংসার চালাতে অনেক কষ্ট হতো। নিজের আয়ের তেমন কোনো ব্যবস্থা ছিল না। এখন সবজি বীজ ও হাঁস পেয়ে বাড়িতেই কাজ করার সুযোগ হয়েছে। নিজের পরিবারের জন্য সবজি পাচ্ছেন, আবার বাড়তি সবজি বিক্রি করেও আয় করতে পারছেন। হাঁসগুলো ডিম দেওয়া শুরু করলে সংসারে আয় আরও বাড়বে বলে আশা করছেন তিনি।

 

হাসিনার মতো কলাপাড়ার উপকূলীয় এলাকার অনেক নারী এখন হাঁস পালন ও সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। তাঁদের অনেকেই বসতভিটার অব্যবহৃত জায়গায় আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করছেন। লবণাক্ত মাটির প্রতিকূলতা মোকাবিলায় ব্যবহার করছেন জৈব সার। ছোট ছোট বেড তৈরি করে লাগাচ্ছেন বিভিন্ন জাতের সবজি। উৎপাদিত সবজি দিয়ে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি অংশ বাজারে বিক্রি করে আয় করছেন তাঁরা।

 

নারীদের এ উদ্যোগে সহায়তা দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। সংস্থাটির ‘অ্যাসিস্ট্যান্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ (এএসডি) প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলার চম্পাপুর ও চাকামইয়া ইউনিয়নের আটটি গ্রামের ২৪৪টি অসহায় পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে চম্পাপুর ইউনিয়নের উত্তর মাছুয়াখালী, উত্তর পূর্ব মাছুয়াখালী, দক্ষিণ মাছুয়াখালী ও পশ্চিম চালিতাবুনিয়া গ্রামের ১২৪টি পরিবার এবং চাকামইয়া ইউনিয়নের মধ্য নিশানবাড়ীয়া, পূর্ব চাকামইয়া, গারীবুনিয়া ও বেতমোর গ্রামের ১২০টি পরিবার রয়েছে।

 

প্রকল্পের আওতায় প্রত্যেক সুবিধাভোগীকে ১২টি করে খাকি ক্যাম্বেল হাঁস দেওয়া হয়েছে। পাশাপাশি মৌসুমভিত্তিক বছরে দুইবার ১৫ থেকে ১৬ প্রকার উন্নত জাতের সবজি বীজ, কীটনাশক ফাঁদ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। এসব উপকরণ কাজে লাগিয়ে নারীরা বাড়ির আঙিনায় সবজি উৎপাদন ও হাঁস পালনের মাধ্যমে আয় বাড়ানোর সুযোগ পাচ্ছেন।

 

হাঁস পালনের মাধ্যমে স্বল্প সময়ে আয় বাড়ানোর সম্ভাবনা তৈরি হওয়ায় নারীদের মধ্যে এ উদ্যোগ সাড়া ফেলেছে। ইতোমধ্যে অনেক সুবিধাভোগীর হাঁস ডিম দিতে শুরু করেছে। কেউ ডিম বিক্রি করে আয় করছেন। আবার কেউ হাঁসের ডিম ফুটিয়ে বাচ্চা বড় করে বিক্রি করছেন। কোনো কোনো সুবিধাভোগী হাঁস পালন থেকে পাওয়া অর্থ দিয়ে নিজ উদ্যোগে আরও হাঁস কিনেছেন।

 

সুবিধাভোগী নিলুফা বেগম বলেন, হাঁস পাওয়ার পর থেকে তাঁর মধ্যে নতুন করে আয় করার আগ্রহ তৈরি হয়েছে। হাঁসের যত্ন নেওয়ার পাশাপাশি ডিম বিক্রির মাধ্যমে আয়ের সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে হাঁসের সংখ্যা বাড়িয়ে আরও বেশি আয় করতে চান তিনি।

 

আরেক সুবিধাভোগী পুষ্প বেগম বলেন, আগে বাড়ির আঙিনা অনেকটাই অব্যবহৃত পড়ে থাকত। এখন সেখানে সবজি চাষ করছেন। এতে পরিবারের সদস্যদের সবজির চাহিদা পূরণ হচ্ছে, কমেছে বাজার থেকে সবজি কেনার খরচও। উৎপাদিত সবজির বাড়তি অংশ বিক্রি করে কিছু টাকা হাতে থাকছে। এতে সংসারের খরচ মেটাতে সুবিধা হচ্ছে।

 

স্থানীয় নারীরা জানান, একজনকে সবজি চাষ ও হাঁস পালনে সফল হতে দেখে অন্যরাও উৎসাহিত হচ্ছেন। বাড়ির আঙিনায় অল্প জায়গা ব্যবহার করে সবজি উৎপাদন এবং হাঁস পালনের মাধ্যমে আয় করার সুযোগ তাঁদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। অনেকেই এখন নিজেদের উদ্যোগে সবজি বাগান ও হাঁস পালনের পরিকল্পনা করছেন।

 

তবে উপকূলীয় এলাকায় সবজি চাষের বড় চ্যালেঞ্জ মাটির লবণাক্ততা। এ কারণে অনেক সময় প্রত্যাশিত ফলন পাওয়া কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় সুবিধাভোগীদের আধুনিক পদ্ধতিতে সবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে বীজ নির্বাচন, বীজতলা তৈরি, বেড পদ্ধতিতে চাষ, জৈব সার ব্যবহার ও গাছের পরিচর্যা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। পাশাপাশি কীটপতঙ্গ দমন ও রোগবালাই প্রতিরোধের কৌশলও শেখানো হয়েছে।

 

কলাপাড়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিমা আক্তার বলেন, উপকূলীয় অঞ্চলে মাটির লবণাক্ততা সবজি উৎপাদনের ক্ষেত্রে একটি বড় সমস্যা। তবে সঠিক পদ্ধতিতে চাষাবাদ, জৈব সার ব্যবহার এবং উপযোগী জাতের বীজ নির্বাচন করতে পারলে বাড়ির আঙিনায় ভালো সবজি উৎপাদন সম্ভব। নারীদের প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক চাষপদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তাঁরা নিজেদের বসতভিটায় সবজি উৎপাদন করতে পারলে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ও করতে পারবেন।

 

হাঁস পালনের বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হাঁসের খাবার, বাসস্থান, রোগ প্রতিরোধ ও পরিচর্যা সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়। বিতরণের আগে উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধির মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করে সুস্থ ও সবল হাঁস সরবরাহ করা হয়েছে। এতে হাঁস পালনে আগ্রহী নারীরা শুরু থেকেই প্রয়োজনীয় দিকনির্দেশনা পাচ্ছেন।

 

ফ্রেন্ডশিপের এএসডি প্রকল্পের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো. শহীদুল ইসলাম বলেন, উপকূলীয় এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে নারীদের এমন কাজের সঙ্গে যুক্ত করা হচ্ছে, যা তাঁরা নিজেদের বাড়িতে থেকেই করতে পারেন। সবজি চাষের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ এবং বাড়তি সবজি বিক্রি করে আয় করার সুযোগ তৈরি হচ্ছে। একইভাবে হাঁস পালন থেকে ডিম ও বাচ্চা বিক্রির মাধ্যমে আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা কাজে লাগিয়ে পরিবারগুলো দীর্ঘমেয়াদে আরও লাভবান হবে বলে আশা করছেন তাঁরা।

 

প্রকল্পটির কার্যক্রম সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো. শহীদুল ইসলামের ব্যবস্থাপনায় ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আব্দুল মান্নান এবং প্রজেক্ট অফিসার মো. গোলাম সারওয়ারের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

 

ফ্রেন্ডশিপ একটি জাতীয় পর্যায়ের অলাভজনক ও অরাজনৈতিক বেসরকারি উন্নয়ন সংস্থা। সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি চর ও উপকূলীয় এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সংস্থাটি। এর ধারাবাহিকতায় এএসডি প্রকল্পের মাধ্যমে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে আয়-রোজগারের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

একসময় যাঁরা সংসারের গণ্ডির বাইরে তেমন কোনো আয়মূলক কাজে যুক্ত ছিলেন না, এখন তাঁরাই হাঁস পালন ও সবজি চাষের মাধ্যমে পরিবারের অর্থনীতিতে অবদান রাখছেন। তাঁদের এই পরিবর্তন দেখে আশপাশের অন্য নারীরাও উৎসাহিত হচ্ছেন। বাড়ির আঙিনায় ছোট পরিসরে শুরু হওয়া এসব উদ্যোগ নারীদের আয় বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাস ও স্বাবলম্বী হওয়ার সম্ভাবনাও তৈরি করছে। উপকূলের প্রতিকূল পরিবেশে নিজেদের পরিশ্রমে ঘুরে দাঁড়ানোর এই প্রচেষ্টা কলাপাড়ার অসহায় নারীদের নতুন আশার পথ দেখাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:০৬




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ