
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাট ও গোপালগঞ্জ সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, শনিবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলা সদরের আবুল খায়ের সেতুর টোলপ্লাজার কাছে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মোল্লাহাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় ১১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
ওসি জানান, গ্রেপ্তার তিনজন ওই ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে নিরাপত্তার অভাবে রবিবার সকাল থেকে পিরোজপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার কোনো বাস বাগেরহাটের ওপর দিয়ে চলাচল করেনি। বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী এ তথ্য জানিয়েছেন। তবে জেলার অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
রোববার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। আগামী দিনে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে থাকার অঙ্গীকারও করেন তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা যুবদলের সভাপতি মোল্লা সুজাউদ্দিন সুজন ও জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেলসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।