সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে একটি মিছিল নিয়ে থানা অভিমুখে অগ্রসর হন। মিছিলে নেতৃত্ব দেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন। এ সময় মিছিল থেকে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
খবর পেয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। দফায় দফায় সংঘর্ষের সময় প্রায় অর্ধশতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এসআরবির সদস্যরা টহল দিচ্ছেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ওই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।