ছারছীনা দরবার শরীফের ১৩৬তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু

হোম » ইসলামী জীবন » ছারছীনা দরবার শরীফের ১৩৬তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬


 

ছারছীনা দরবার শরীফের ১৩৬তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন-২০২৬ শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বাদ মাগরীব আনুষ্ঠানিকভাবে মাহফিলের উদ্বোধন করা হয়।

 

হযরত পীর ছাহেব কেবলার জিকিরের তা’লীম পরিচালনা, পবিত্র কোরআন তিলাওয়াত ও হামদ-নাত পরিবেশনের মধ্য দিয়ে মাহফিলের উদ্বোধন করা হয়। তিনদিনব্যাপী মাহফিলে প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম পরিচালনা করবেন। এ ছাড়া বিভিন্ন ওলামায়ে কেরাম ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলির ওপর ওয়াজ-নসিহত করবেন।

 

ছারছীনা দরবার শরীফের পীর মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন মাহফিলের সার্বিক সফলতা কামনা করে ওলামা-মাশায়েখ, খোলাফা, পীরভাই, মুহিব্বীন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সর্বস্তরের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

 

শনিবার (২৮ নভেম্বর) মাহফিলের প্রথম দিন অতিবাহিত। আগামী ১ ডিসেম্বর মঙ্গলবার বাদ যোহর মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। শেষ দিনে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

 

মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরাম, তালিমদাতা, পীরভাই, মুহিব্বীন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম ঘটেছে। দরবার শরীফ ও আশপাশের এলাকায় বিরাজ করছে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ।

 

এ ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মাহফিলে অংশ নিতে রিজার্ভ লঞ্চ, বাস, ট্রলারসহ বিভিন্ন যানবাহনে মেহমানরা যাত্রাপথে রয়েছেন। তাঁদের সহিসালামতে মাহফিলের ময়দানে পৌঁছানোর জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২২:০৮:২০




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ