নেছারাবাদে নাশকতার পরিকল্পনার অভিযোগে স্কুলকর্মী গ্রেপ্তার

হোম » পিরোজপুর » নেছারাবাদে নাশকতার পরিকল্পনার অভিযোগে স্কুলকর্মী গ্রেপ্তার
রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬


 

নেছারাবাদে নাশকতার পরিকল্পনার অভিযোগে স্কুলকর্মী গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি  (পটুয়াখালী)

 

পিরোজপুরের নেছারাবাদে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে নাশকতার পরিকল্পনার অভিযোগে পলাশ কুমার মুন্সি (৩৫) নামে এক স্কুলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি গুয়ারেখা ইউনিয়ন ছাত্রলীগের কোষাধ্যক্ষ ও পৃষ্ঠপোষক।

 

শনিবার রাতে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের করফা বাজারের একটি কম্পিউটারের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রবিবার (২৯ নভেম্বর) সকালে তাঁকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তার পলাশ কুমার মুন্সি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি শ্রী শংকর লাল কুমারের ছেলে। পাটিকেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী কাম নৈশপ্রহরী পদে কর্মরত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন বক্তব্যসংবলিত পোস্ট দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

 

স্থানীয় বাসিন্দা শাহ নাসির উদ্দীন ফকির বলেন, পলাশ ওই বিদ্যালয়ে পিয়ন পদে চাকরি করেন। শনিবার রাতে তাঁর কম্পিউটারের দোকানে কাজের জন্য করফা বাজারে এসেছিলেন। এ সময় পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে। পলাশ ফেসবুকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন পোস্ট দিয়েছেন বলে তিনি শুনেছেন। তবে পলাশ রাজনীতির সঙ্গে জড়িত কি না, তা তাঁর জানা নেই।

 

পাটিকেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিথীকা মৈত্র বলেন, পলাশ তাঁদের বিদ্যালয়ে পিয়ন কাম নৈশপ্রহরী পদে কর্মরত রয়েছেন। ২০১৩ সাল থেকে তিনি সেখানে চাকরি করছেন। পলাশের গ্রেপ্তারের বিষয়টি তিনি শুনেছেন।

 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার পলাশ কুমার গুয়ারেখা ইউনিয়ন ছাত্রলীগের কোষাধ্যক্ষ ও পৃষ্ঠপোষক। তিনি গোপালগঞ্জে একটি কর্মসূচিতে অংশ নিয়ে এসেছেন। পুলিশের দাবি, তিনি নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪২:৪৬




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ