সম্প্রীতি ও সহাবস্থানই ধর্মের মূল শিক্ষা: গণপূর্ত প্রতিমন্ত্রী

হোম » পিরোজপুর » সম্প্রীতি ও সহাবস্থানই ধর্মের মূল শিক্ষা: গণপূর্ত প্রতিমন্ত্রী
রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬


 

সম্প্রীতি ও সহাবস্থানই ধর্মের মূল শিক্ষা: গণপূর্ত প্রতিমন্ত্রী

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

ধর্ম মানুষকে ভালো হতে শেখায়। সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতিই ধর্মের মূল শিক্ষা বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

 

তিনি বলেন, বাংলাদেশ সবার মাতৃভূমি। এ দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই বাংলাদেশি। দেশের প্রতি সবার সমান অধিকার ও দাবি রয়েছে। এখানে কোনো ভেদাভেদ নেই।

 

রবিবার (২৯ নভেম্বর) সকালে পিরোজপুরের কাউখালী উপজেলার শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে পাঁচ দিনব্যাপী বার্ষিক আবির্ভাব উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সহযোগিতা করেছেন। বিগত নির্বাচনে তাঁদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতেও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে তিনি বিশ্বাস করেন। রাজনৈতিক বক্তব্য দিতে চান না উল্লেখ করে তিনি বলেন, অতীতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে পাওয়ার যে বিশ্বাস ছিল, এখন তা আরও দৃঢ় হয়েছে।

 

তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, দেশ কিন্তু সবার।’ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছেন, অনেকে শহীদ হয়েছেন। দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

 

আহম্মদ সোহেল মনজুর বলেন, এ দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই দেশের মাটি, সংস্কৃতি ও ঐতিহ্যের সমান দাবিদার। কারও মধ্যে কোনো বিভেদ থাকা উচিত নয়। ২০২৪ সালের আগস্ট-পরবর্তী সময়ে তাঁদের দলের নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছেন। দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবেও তাঁদের পাশে থাকার চেষ্টা করা হয়েছে।

 

সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সে বিষয়ে সব সময় সচেষ্ট থাকার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর এবং সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৪৭




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ