
সাগরকন্যা প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরের সদরপুরে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীকে (২৮) চুল কেটে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রবিবার রাতে ভিডিও দুটি ছড়িয়ে পড়ার পর পুলিশ জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ শুরু করেছে।
ভিডিও দুটির দৈর্ঘ্য ১ মিনিট ৩৬ সেকেন্ড ও ১ মিনিট ৩০ সেকেন্ড। খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার বিকেলে সদরপুর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গৃহবধূকে চেয়ারে বসিয়ে এক যুবক তাঁর হাত ধরে রেখেছেন। আরেক যুবক কাঁচি দিয়ে তাঁর মাথার চুল এলোমেলোভাবে কাটছেন। এ সময় ওই নারী চিৎকার করে নির্যাতন থেকে বাঁচার চেষ্টা করলেও তাঁকে ছেড়ে দেওয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনে জড়িত দুই যুবকের নাম সুমন হোসেন ও জয় হোসেন। তাঁরা ওই প্রবাসীর স্বজন।
অন্য ভিডিওতে দেখা যায়, রাতে ওই নারী ও এক যুবককে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এ সময় তাঁদের মারধর করা হয়।
স্থানীয় সূত্রের ভাষ্য, গত শনিবার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন ওই নারী। ওই রাতে পরিবারের সদস্যরা তাঁর কক্ষ থেকে এক যুবককে আটক করেন। যুবকটি পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। পরে তাঁদের দিনভর আটকে রেখে বিকেলে ওই নারীর চুল কেটে তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে আটক যুবককে ছেড়ে দেওয়া হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, ভিডিও ছড়িয়ে পড়ার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। কেউ অপরাধ করলে তাঁর বিচারের জন্য আইন রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয়।