কলাপাড়ায় দুর্যোগ মেলার মাঠ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ জাগোনারির বিরুদ্ধে

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় দুর্যোগ মেলার মাঠ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ জাগোনারির বিরুদ্ধে
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬


 

কলাপাড়ায় দুর্যোগ মেলার মাঠ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ জাগোনারির বিরুদ্ধে

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলার মাঠ ব্যবস্থাপনার কাজ নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ীদের বাদ দিয়ে অন্য উপজেলার ব্যবসায়ীদের কাজ দেওয়া এবং নিম্নমানের সরঞ্জাম দিয়ে মাঠ ব্যবস্থাপনার কাজ করানোর অভিযোগ তুলেছে পটুয়াখালী জেলা সাউন্ড লাইট অ্যান্ড লজিস্টিক অ্যাসোসিয়েশনের কলাপাড়া উপজেলা শাখা।

 

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা-২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ মেলার মাঠ ব্যবস্থাপনার কাজ নিয়ে অনিয়মের অভিযোগ করেন কলাপাড়া সাউন্ড লাইট অ্যান্ড লজিস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাহবুবুর রহমান আজাদ শিকদার।

 

তিনি অভিযোগ করেন, জাগোনারির উদ্যোগে আয়োজিত মেলা উপলক্ষে গেট, স্টল, সাউন্ড সিস্টেম, মঞ্চসহ প্রয়োজনীয় সরঞ্জামের মূল্য নির্ধারণ করতে তাঁদের কাছে কোটেশন চাওয়া হয়। সংস্থার চাহিদা অনুযায়ী নির্ধারিত ফরমে মূল্য উল্লেখ করে তাঁরা কোটেশন জমা দেন। কিন্তু পরবর্তীতে তাঁদের বাদ দিয়ে অন্য উপজেলার ব্যবসায়ীদের দিয়ে কাজ করানো হয়েছে।

 

আজাদ শিকদার বলেন, স্টল ও মঞ্চ ওয়াটারপ্রুফ ত্রিপল দিয়ে তৈরি করাসহ উন্নতমানের বিভিন্ন সরঞ্জাম ব্যবহারের শর্ত দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী তাঁরা মূল্য নির্ধারণ করে কোটেশন জমা দেন। কিন্তু মাঠে বাস্তবে যে কাজ করা হয়েছে, তা নির্ধারিত চাহিদার তুলনায় অনেক নিম্নমানের। বর্তমান মানের কাজ তাঁরা আরও কম খরচে করতে পারতেন বলেও দাবি করেন তিনি।

 

তিনি আরও অভিযোগ করেন, মাঠ ব্যবস্থাপনার কাজ করানোর ক্ষেত্রে জাগোনারির সংশ্লিষ্ট কর্মকর্তারা অনিয়ম ও আর্থিক লেনদেনের আশ্রয় নিয়েছেন। এতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সংগঠন ও সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

 

অভিযোগের বিষয়ে জাগোনারি কলাপাড়া উপজেলা শাখার প্রকল্প ব্যবস্থাপক (প্রদীপ্ত প্রকল্প) মো. জাফর আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অফিসিয়াল নিয়ম অনুসরণ করেই মাঠ ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে। যিনি সর্বনিম্ন মূল্য নির্ধারণ করেছেন, তাঁকেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

স্থানীয় ব্যবসায়ীদের জমা দেওয়া কোটেশনে উল্লেখিত শর্ত অনুযায়ী কাজ হচ্ছে কি না, জানতে চাইলে তিনি অফিসে গিয়ে কথা বলার পরামর্শ দেন। এরপর ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

 

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার বক্তব্য পাওয়া গেলেও কাজের মান ও আর্থিক অনিয়মের অভিযোগ যাচাই করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৯:২৩:৫৮




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ