
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তোলা, আমিষের চাহিদা পূরণ ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার প্রত্যয়ে বরগুনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ নূরুল ইসলাম মণি।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলিউল্লাহ ও জেলা পরিষদের চেয়ারম্যানের উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তাঁরা আসতে পারেননি। বিশেষ অতিথি বরগুনার পুলিশ সুপার মো. কুদরত ই খুদাও উপস্থিত ছিলেন না।
জেলা প্রশাসক তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান, পাবলিক প্রসিকিউটর (পিপি) আলহাজ মো. নুরুল আমিন, জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া উদ্দিন ও বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার তামান্না।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, বরগুনা একটি সম্ভাবনাময় উপকূলীয় জেলা। এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে প্রাণিসম্পদ খাতের নিবিড় সম্পর্ক রয়েছে। পরিকল্পিতভাবে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের আধুনিক প্রশিক্ষণ এবং সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগাতে পারলে এ খাতের উৎপাদন ও আয় বাড়ানো সম্ভব।
তিনি খামারিদের নিরাপদ ও মানসম্মত প্রাণিজ খাদ্য উৎপাদনে সচেতন হওয়ার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের এ খাতে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. ইউসুফ আলী মৃধাসহ আমন্ত্রিত অতিথিরা।