
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে শখের জিনিসপত্র ও টাকা চুরি হওয়ার পর হতাশা থেকে সাথী আক্তার ঝুমুর (২৭) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তিনি ইতালিপ্রবাসী মো. ইমন আলীর স্ত্রী।
বুধবার রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের চর-রাওঘা গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝুমুর ওই গ্রামের গিয়াস উদ্দিন ফকিরের মেয়ে। চার বছর আগে তাঁর স্বামী পাকা বাড়ি নির্মাণ করেন। ওই বাড়িতে ঝুমুর একাই বসবাস করতেন। গত ১০ দিন আগে তিনি ঢাকায় যান। বুধবার রাতে ঢাকা থেকে বাড়িতে ফিরে ঘরের শখের জিনিসপত্র ও টাকা-পয়সা চুরি হতে দেখেন। এ ঘটনায় তিনি স্বামীর সঙ্গে মুঠোফোনে ভিডিও কলে কথা বলেন। এ সময় সবকিছু চুরি হয়ে যাওয়ায় বেঁচে থাকার কোনো অর্থ নেই বলে স্বামীকে জানান। পরে আত্মহত্যার কথা জানিয়ে একটি ভিডিও ধারণ করে স্বামীর কাছে পাঠান।
স্বামী ভিডিওটি দেখে প্রতিবেশীদের মুঠোফোনে বিষয়টি জানান। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের আলমারি ভাঙা ও আসবাবপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পায়। পরে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুমুরের মরদেহ উদ্ধার করে।
প্রতিবেশী মাছুম বিল্লাহ বলেন, ঝুমুর বাড়িতে একাই থাকতেন। তাঁর বাড়িতে সাধারণত কেউ প্রবেশ করতে পারতেন না। বুধবার রাতে ইতালিপ্রবাসী তাঁর স্বামী মুঠোফোনে তাঁকে আত্মহত্যার খবর জানান। বৃহস্পতিবার সকালে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। এ সময় ঝুমুরের ধারণ করা একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে তিনি ঘরের মালামাল চুরি হয়ে যাওয়ার কথা জানিয়ে আত্মহত্যার কথা বলেন।
মাছুম বিল্লাহ আরও বলেন, ঝুমুরের স্বামীকে এলাকার কেউ চিনতেন না। কোথায় তাঁদের বিয়ে হয়েছে, সে বিষয়েও স্থানীয়রা কিছু জানতেন না।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, শখের জিনিসপত্র চুরি হওয়ার ঘটনায় হতাশ হয়ে ঝুমুর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবর পেয়ে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশফাকুজ্জামান ও আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।হেডরইনে তুমি স্টেশনের নাম রাখতে চাওনা! এটা রাখলে পাঠক আগ্রহ দেখায়