রমনার কালীমন্দিরে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ৩

হোম » ঢাকা » রমনার কালীমন্দিরে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ৩
রবিবার ● ১১ অক্টোবর ২০২৬


 

রমনার কালীমন্দিরে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ৩

সাগরকন্যা প্রতিবেদক, ঢাকা

 

রাজধানীর রমনার কালীমন্দিরে প্রতিমার স্বর্ণালংকার চুরির ঘটনায় এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার মধ্যরাতে রাজধানীর উত্তরখানের ধোবাদিয়া এলাকায় একটি ভাড়া বাসা ও সোনার দোকানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লিপি কর্মকার (২৯), তাঁর স্বামী অর্ণব রায় (২৯) এবং মো. সুমন (৩৫)।

 

শাহবাগ থানা-পুলিশ জানায়, গত ৭ অক্টোবর রমনার কালীমন্দিরে প্রতিমার স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে শাহবাগ থানা-পুলিশ ও একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা উত্তরখানের ধোবাদিয়া এলাকায় অভিযান চালিয়ে লিপি ও অর্ণবকে গ্রেপ্তার করেন।

 

পুলিশ জানায়, তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা সোনা কেনার অভিযোগে ধোবাদিয়া এলাকার একটি সোনার দোকান থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।

 

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) খোকন মিয়া আজ রবিবার গণমাধ্যমকে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মন্দিরের প্রতিমা থেকে সোনা চুরির কথা স্বীকার করেছেন। তাঁদের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশের তথ্য অনুযায়ী, রমনার কালীমন্দির ছাড়াও রাজধানীর সিদ্ধেশ্বরী কালীমন্দির, নারায়ণগঞ্জের দেওভোগের শ্রীশ্রী লোকনাথ মন্দির এবং নরসিংদীর একটি কালীমন্দিরে স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। গত ১৩ সেপ্টেম্বর সিদ্ধেশ্বরী কালীমন্দিরে এবং ৭ অক্টোবর রমনার কালীমন্দিরে চুরির ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৫:১০:০৩ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ