
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের ভান্ডারিয়ায় জনপ্রিয় ব্র্যান্ড ‘ফুল এস্কেল’-এর নামে নকল ডিটারজেন্ট পাউডার বিক্রির দায়ে নাসির উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ছোট পিকআপ জব্দ করা হয়।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে ভান্ডারিয়া বন্দরের জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
অভিযুক্ত নাসির উদ্দিন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মৃত ইউনুস বিশ্বাসের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, বাজারে প্রায় ৩২০ টাকা মূল্যের ডিটারজেন্ট পাউডার দুই কেজি মাত্র ১০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। প্যাকেটগুলোতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যথাযথভাবে উল্লেখ ছিল না। অভিযোগ রয়েছে, ইচ্ছামতো এসব তারিখ নির্ধারণ করা হতো। এ ছাড়া প্যাকেটের উপাদানের সঙ্গে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স ও অনুমোদিত নমুনার মিল পাওয়া যায়নি।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ছোট পিকআপটি জব্দ করা হয়। অভিযানকালে পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান বলেন, প্যাকেটজাত ডিটারজেন্ট পাউডার অত্যন্ত নিম্নমানের। এ ধরনের পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় নকল ও নিম্নমানের পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।