
সাগরকন্যা প্রতিবেদন
কবিতা, গল্প ও সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত কবি ও সাংবাদিক মো. বেল্লাল হাওলাদারের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘হৃদয়ের মোহনায়’ প্রকাশিত হতে যাচ্ছে আসন্ন বইমেলায়। চারু সাহিত্যাঙ্গন প্রকাশনী থেকে প্রকাশিতব্য বইটির প্রচ্ছদ করেছেন হাসনাত সাইফুল।
নতুন কাব্যগ্রন্থে ব্যক্তিগত অনুভূতি, ভালোবাসা, প্রকৃতি, মানবিক মূল্যবোধ ও সমাজবাস্তবতার নানা দিক উঠে এসেছে। সময়ের অসংগতি, অনিয়ম-দুর্নীতি, মানুষ ও পশুপাখির কথাও তাঁর কবিতার বিষয়বস্তু। আবেগ ও অনুভূতির পাশাপাশি সমাজকে দেখার নিজস্ব দৃষ্টিভঙ্গি তাঁর লেখায় প্রতিফলিত হয়েছে।
কাব্যগ্রন্থটি নিয়ে বেল্লাল হাওলাদার বলেন, ‘আমি আমার শিকড় ও জন্মভূমিকে ভালোবাসি। মানুষের জীবন, সময়, সমাজের অসংগতি, প্রকৃতি ও নানা অনুভূতি আমার লেখার বিষয়। আমার লেখা পাঠকের হৃদয়ে অনুভূতি জাগানোর পাশাপাশি ভাবনার খোরাক জোগাবে, এটাই প্রত্যাশা।’
২০২২ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘আবেগ ভরা হৃদয়’। ২০২৪ সালে প্রকাশিত হয় গল্পগ্রন্থ ‘স্মৃতিরা অমলিন’। এ ছাড়া ‘তবুও আশায় বাঁচি’, ‘অপূর্ণ ইচ্ছে’, ‘মা আমার চন্দ্রতারা’ ও ‘আলোর মশাল’সহ বেশ কয়েকটি যৌথ কাব্যসংকলন সম্পাদনা করেছেন তিনি।
সাহিত্যচর্চার পাশাপাশি কবি-সাহিত্যিকদের ঐক্যবদ্ধ করা, সুস্থ সাহিত্যচর্চার পরিবেশ তৈরি এবং নতুন লেখকদের উৎসাহিত করতে কাজ করছেন বেল্লাল হাওলাদার। তিনি ‘প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ’-এর প্রতিষ্ঠাতা। সংগঠনটির উদ্যোগে সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালিত হয়।
১৯৮২ সালের ২৫ আগস্ট পটুয়াখালীর মহিপুর থানাধীন নিজশিববাড়ীয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মো. বেল্লাল হাওলাদার। তাঁর বাবা আব্দুর রাজ্জাক হাওলাদার ও মা রিজিয়া বেগম। চার বোনের একমাত্র ছোট ভাই তিনি। সাগর, নদী ও সবুজ প্রকৃতিঘেরা উপকূলীয় জনপদে কেটেছে তাঁর শৈশব ও কৈশোর। নিজের শিকড় ও জন্মভূমির প্রতি ভালোবাসা তাঁর সাহিত্যচর্চার অন্যতম প্রেরণা। মহিপুর, কুয়াকাটা ও কলাপাড়ার মাটি, মানুষ ও প্রকৃতির প্রতিও রয়েছে তাঁর গভীর অনুরাগ।
কবিতা ও গল্পের পাশাপাশি সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে তাঁর লেখা ফিচার জাতীয় দৈনিকসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ‘বাংলাদেশ সমাচার’-এ কর্মরত। সাহিত্যচর্চা ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে স্বর্ণপদকসহ একাধিক সম্মাননা ও ক্রেস্ট পেয়েছেন তিনি।
‘হৃদয়ের মোহনায়’ প্রকাশের মধ্য দিয়ে বেল্লাল হাওলাদারের সাহিত্যযাত্রায় যুক্ত হতে যাচ্ছে নতুন অধ্যায়। নিজের অনুভূতি, সমাজের বাস্তবতা ও মানবিক ভাবনাকে কবিতায় তুলে ধরে পাঠকের হৃদয়ে স্থান করে নেওয়াই তাঁর প্রত্যাশা।