আগৈলঝাড়ায় গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬


 

আগৈলঝাড়ায় গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

গ্রামীণ সড়ক উন্নয়নকে আরও পরিকল্পিত, টেকসই ও জনবান্ধব করতে বরিশালের আগৈলঝাড়ায় কোর রোড নেটওয়ার্ক ও সড়কের অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনগণের চলাচল, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

 

এলজিইডির উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদারের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের সভাপতিত্বে বক্তব্য দেন বেটস জিআইএসের এনলিস্ট ধরনী চাকমা, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মান্নান মিয়া, ইউপি সচিব গৌতম পাল ও সাধন চন্দ্র হালদার।

 

কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

কর্মশালায় জানানো হয়, সড়কের অগ্রাধিকার নির্ধারণে সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব, সড়কের বর্তমান অবস্থা এবং যানবাহন চলাচলের পরিমাণ বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি জনসংখ্যা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, গ্রোথ সেন্টার, প্রশাসনিক স্থাপনা ও শিল্পপ্রতিষ্ঠানকেও মূল্যায়নের আওতায় রাখা হয়েছে।

 

উপজেলার পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক কোর রোড নেটওয়ার্কের আওতায় মূল্যায়ন করা হয়েছে। এ সময় গ্রামীণ সড়কের তথ্যভিত্তিক মূল্যায়ন, কোর রোড নেটওয়ার্ক চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে অগ্রাধিকার নির্ধারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৫১:২৬ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ