
মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া (পটুয়াখালী) থেকে
পটুয়াখালীর কলাপাড়ায় ক্লাস চলাকালে ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত ২৮ ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ২৫ জনকে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থদের বেশির ভাগই নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে প্রথমে নবম শ্রেণির শিক্ষার্থী সানজিদা অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ের সিঁড়িতে থাকা অবস্থায় তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। এর কিছুক্ষণ পর একে একে অন্য ছাত্রীরাও অসুস্থ হয়ে পড়ে। তাদের কয়েকজন অচেতন হয়ে যায়।
বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান সোহাগ জানান, কয়েকজন অসুস্থ শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বিদ্যালয় থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে কলেজ বাজারের চিকিৎসকদের কাছে নেওয়া হয়। পরে তাদের দ্রুত কলাপাড়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়।
বিকেল ৫টা পর্যন্ত অন্তত ২৮ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্তানদের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন অভিভাবকেরা। এ সময় অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এতে হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একাধিক শিক্ষক জানান, ক্লাসের মাঝখানে বিরতির সময় একে একে ছাত্রীরা অসুস্থ হতে শুরু করে। এ সময় বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ইকবাল হোসেনও অসুস্থ হয়ে পড়েন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টেন মং বলেন, চিকিৎসাবিজ্ঞানে এ ধরনের ঘটনাকে ‘মাস সাইকোজেনিক ইলনেস’ বলা হয়। একজনের অসুস্থতা দেখে অন্যজনের মধ্যেও মানসিক প্রভাব তৈরি হয়ে একই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। সবাইকে সাধ্যমতো যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত সবাই সুস্থ হয়ে উঠবে।