
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় বিএনপির বিক্ষোভ মিছিলে হঠাৎ ছাত্রলীগ ও যুবলীগের নামে স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিছিলে থাকা নেতাকর্মীদের মধ্যে বিস্ময় ও বিভ্রান্তি তৈরি হয়। পরে সংশ্লিষ্ট এক ছাত্রদল নেতা দাবি করেছেন, ‘মুখ ফসকে’ ভুল করে ওই স্লোগান দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমখোলা ইউনিয়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ বিক্ষোভ মিছিল বের করে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, মিছিলের শুরুতে স্বাভাবিকভাবেই দলীয় স্লোগান দেওয়া হচ্ছিল। একপর্যায়ে হঠাৎ ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন- যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেওয়া হয়। এতে মিছিলে থাকা নেতাকর্মীদের মধ্যে তাৎক্ষণিক বিস্ময় ও বিভ্রান্তি দেখা দেয়।
এ বিষয়ে গলাচিপা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ বলেন, ‘ভুলবশত মুখ ফসকে দলীয় স্লোগান দিতে গিয়ে অন্য দলের নাম চলে এসেছে। এটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। এ ভুলের জন্য আমি আন্তরিকভাবে অনুতপ্ত এবং ভবিষ্যতে এমনটি আর হবে না।’
মিছিলে উপস্থিত ছাত্রনেতা আহসান ইমরান বলেন, ‘স্লোগানটি অনিচ্ছাকৃত ও ভুলবশত দেওয়া হয়েছে। এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।’
আমখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিক গাজী বলেন, ‘আমরা আমাদের নিজস্ব দলীয় কর্মসূচি পালন করেছি। সেখানে অন্য দলের লোকজনের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। হয়তো মুখ ফসকে ভুলবশত এমনটি ঘটে থাকতে পারে।’
ঘটনার পর বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।