
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
মাঠজুড়ে টানটান উত্তেজনার পর পর্দা নামল বরগুনায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের। নারী বিভাগে বরিশাল এবং পুরুষ বিভাগে ঝালকাঠি চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে বরিশাল রেঞ্জের ছয় জেলার অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বরগুনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বরগুনা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি। উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা)।
বরিশাল রেঞ্জের বরগুনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি জেলা এ প্রতিযোগিতায় অংশ নেয়। নারী ও পুরুষ দুই বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নারী বিভাগে চ্যাম্পিয়ন হয় বরিশাল জেলা এবং পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় ঝালকাঠি জেলা। খেলা শেষে বিজয়ী দলগুলোর খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি বলেন, তরুণ প্রজন্ম দেশের ভবিষ্যৎ। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে।
কাবাডির মতো ঐতিহ্যবাহী খেলাকে জনপ্রিয় করার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি টুর্নামেন্টে অংশ নেওয়া সব খেলোয়াড়কে অভিনন্দন জানান। বিজয়ী ও রানার্সআপ দলগুলোকে ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহিত করেন।
পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, মাদক, কিশোর গ্যাং ও অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গুরুত্বপূর্ণ। তরুণরা মাঠে থাকলে মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে। তাই আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডেও পুলিশের অংশগ্রহণ বাড়ানো হচ্ছে।
তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য পুলিশ ও জনগণের মধ্যে আস্থা, সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করা। কাবাডিকে কেন্দ্র করে বিভিন্ন জেলার খেলোয়াড়দের একত্রিত করার মাধ্যমে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের পরিবেশ তৈরি হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
মাদকের বিরুদ্ধে বরগুনা জেলা পুলিশের অবস্থান কঠোর উল্লেখ করে পুলিশ সুপার বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, বরগুনা-১ আসনের প্রতিনিধি আবদুস শাকুর, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, খেলোয়াড় ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।