
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়েছে বরিশালের আগৈলঝাড়ায়। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজিহার ইউনিয়নের বাশাইল বাজারে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে মশার বংশবিস্তার রোধে কোথাও পানি জমতে না দেওয়া এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার বিষয়ে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।
অভিযানে উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সারোয়ার হোসেন মিয়া, রাজিহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোন্দকার মোহাম্মদ আলী, সদস্য সচিব শ্যামল ঘটক, গৈলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা, ব্যবসায়ী মেজবাহ উদ্দিনসহ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গু ছড়ানোর অন্যতম উৎস। এডিস মশার বিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বিশেষ করে বাজার এলাকায় নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।