গলাচিপায় প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে জনপ্রতিনিধিদের মতবিনিময়

হোম » পটুয়াখালী » গলাচিপায় প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে জনপ্রতিনিধিদের মতবিনিময়
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬


 

গলাচিপায় প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে জনপ্রতিনিধিদের মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে নানা সংকট ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার জনপ্রতিনিধিরা। একই সঙ্গে উন্নয়ন বরাদ্দে বৈষম্য, অবকাঠামোগত সমস্যা ও দুর্নীতির অভিযোগও তুলে ধরেছেন তারা।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে জনপ্রতিনিধিদের মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে।

 

সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক মর্যাদা হারানোর ক্ষোভ প্রকাশ করে বলেন, মাঠপর্যায়ে কাজের পরিবেশ জটিল হয়ে পড়েছে। সাধারণ মানুষের কাছ থেকেও তারা আগের মতো কাঙ্ক্ষিত সম্মান পাচ্ছেন না।

 

সংরক্ষিত নারী সদস্যরা পরিষদে বৈষম্যের অভিযোগ তুলে বলেন, তিনটি ওয়ার্ডের দায়িত্ব পালন করলেও পুরুষ সদস্যদের তুলনায় তারা উপযুক্ত সম্মান ও ন্যায্য উন্নয়ন বরাদ্দ পাচ্ছেন না। এ বিষয়ে প্রতিমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

 

অন্যদিকে, পুরুষ সদস্যরা নিজ নিজ এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। স্থানীয় প্রশাসনে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ারও দাবি জানান তারা।

 

জনপ্রতিনিধিদের এসব অভিযোগ ও সমস্যার কথা শুনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মো. ইজাজুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি হাফিজ মাস্টারসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৮:৫২:০০ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ