মামলায় সাক্ষী হওয়ায় মহিপুরে যুবককে কুপিয়ে জখম

হোম » পটুয়াখালী » মামলায় সাক্ষী হওয়ায় মহিপুরে যুবককে কুপিয়ে জখম
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬


 

মামলায় সাক্ষী হওয়ায় মহিপুরে যুবককে কুপিয়ে জখম

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মহিপুরে জমিজমা সংক্রান্ত মামলায় সাক্ষী হওয়ায় বেল্লাল হাওলাদার (৪০) নামের এক যুবককে রামদা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ধুলারসার ইউনিয়নের বেতকাটা গ্রামে বাড়ির পাশের খালে মাছ ছাড়ানোর সময় তার ওপর হামলা হয়। এতে বেল্লালের ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার ঘাড়ে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

 

আহত বেল্লালের অভিযোগ, শনিবার সকাল ৭টার দিকে তিনি বাড়ির পাশের খালে জাল থেকে মাছ ছাড়াচ্ছিলেন। এ সময় পেছন থেকে প্রতিবেশী বারেক হাওলাদারের ছেলে বশির হাওলাদার রামদা ও সাফল নিয়ে তার ওপর হামলা করেন। ‘আল্লাহু আকবার’ বলে বশির তার ঘাড়ে কোপ দেন। এতে তিনি মাটিতে পড়ে গেলে বশির তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ ও আঘাত করেন। একপর্যায়ে তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে বশির চলে যান বলে অভিযোগ করেন বেল্লাল।

 

পরে খালের পাড়ে বেল্লালকে পড়ে থাকতে দেখে স্থানীয় এক যুবক ডাক-চিৎকার দিলে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তারা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

বেল্লালের বড় ভাই সোনা মিয়া বলেন, ‘আমার ভাই কোনো রাজনীতি বা ঝামেলার সঙ্গে জড়িত নন। তিনি শান্তশিষ্ট মানুষ। তার বাড়ির পাশে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে বশির হাওলাদারদের জমিজমা নিয়ে আদালতে মামলা চলছে। কয়েকদিন আগে ওই মামলার তদন্তে পুলিশ ঘটনাস্থলে গেলে আমার ছোট ভাই পুলিশের কাছে সাক্ষ্য দেন। এর জের ধরেই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

 

অভিযোগের বিষয়ে বশির হাওলাদারের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৮:৪৭:৫২ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ