কলাপাড়ায় বন্দোবস্তের জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় বন্দোবস্তের জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬


 

কলাপাড়ায় বন্দোবস্তের জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

‘সরকারের কাছ থেকে জমি পেয়েছি, কিন্তু সেই জমিই যদি দখল হয়ে যায়, তাহলে আমরা যাব কোথায়?’ এমন প্রশ্ন নিয়ে পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে মানববন্ধনে দাঁড়িয়েছেন ভূমিহীন পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, ১৯৯৭ সালে সরকারের কাছ থেকে বন্দোবস্ত পাওয়া জমি স্থানীয় একটি প্রভাবশালী মহল দখলের চেষ্টা করছে। জমি রক্ষা ও মালিকানা নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার বিকেলে মধ্য ধানখালী এলাকায় এ মানববন্ধন করেন তাঁরা।

 

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, ভূমিহীন পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তব্য দেন ইউপি সদস্য মো. শাহীন মৃধা, ভূমিহীন পরিবারের সদস্য ও কার্ডধারী নুরজাহান বেগম, খোকন চৌকিদার, হানিফ মৃধা, শাহআলম হাওলাদার, জবুনা বেগম, সোহেল হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, রুবেল সিকদার, রুহুল আমিন হাওলাদার ও স্থানীয় বাসিন্দা তানিয়া আক্তার।

 

বক্তারা বলেন, ১৯৯৭ সালে আমতলীর পূর্বচিলা ও ধানখালীর মধ্য ধানখালী মৌজায় তাঁরা ভূমিহীন হিসেবে সরকারি জমি বন্দোবস্ত পান। কিন্তু স্থানীয় প্রভাবশালী রহিম সিকদার, খোকন মৃধাসহ একটি চক্র ওই জমি দখলের চেষ্টা করছে বলে তাঁদের অভিযোগ। তাঁদের দাবি, সরকারি খাস জমিও দখল করা হয়েছে।

 

ভুক্তভোগী খোকন চৌকিদার বলেন, ‘আমরা সরকারের কাছ থেকে খাস জমি পেয়েছি। কিন্তু দখলদারদের কবল থেকে জমি উদ্ধারে ভূমিহীনদের পক্ষে স্থানীয় মেম্বার শাহীন মৃধা পদক্ষেপ নেওয়ায় তাঁর বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে।’

 

বক্তারা আরও বলেন, ভূমিহীনদের ন্যায্যতা রক্ষায় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার নির্দেশনা দিয়েছেন। এরপরও একটি মহল তাঁদের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে এলাকায় অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও তাঁরা অভিযোগ করেন।

 

এ অবস্থায় মধ্য ধানখালীতে নাশকতার আশঙ্কা করছেন স্থানীয়রা। একটি হত্যা মামলায় দণ্ডিত হয়ে সাজা ভোগ করা এক ব্যক্তি এর নেপথ্যে কাজ করছেন বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৫২:১৫ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ