
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত দুটি বহুতল একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে ভবন দুটির উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব আহমেদ সোহেল মনজুর সুমন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ উপহার দেওয়াই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। মানসম্মত শিক্ষার প্রসারে নতুন এই অবকাঠামো পিরোজপুরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে আরও উৎসাহিত করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম বলেন, ‘পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমাদের অধিদপ্তরের অধীনে নির্মিত ছয়তলা একাডেমিক ভবনটি জেলার শিক্ষা প্রসারে অনন্য ভূমিকা রাখবে। ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর এখানে যোগদানের পর পুরোনো ভবনগুলোর জরাজীর্ণ অবস্থা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সহযোগিতায় দ্রুত এটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।’
তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের দুই মাস আগেই দুটি শিফটে শ্রমিক নিয়োগ করে আমরা নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। নতুন এই আধুনিক ভবনে এখন থেকে চমৎকার ও শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদান সম্ভব হবে। এছাড়াও পিরোজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভবনটিও আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী আযিযী, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা রানী বল।
এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং দুই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের কাঙ্ক্ষিত বহুতল একাডেমিক ভবন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তারা জানান, নতুন অবকাঠামোর ফলে শ্রেণিকক্ষের সংকট কমবে এবং আরও সুন্দর পরিবেশে পাঠদান পরিচালনা সম্ভব হবে।