বঙ্গোপসাগরে ১৩ জেলেসহ ট্রলার ডুবি, নিখোঁজ ২

হোম » জেলে-মৎস্য » বঙ্গোপসাগরে ১৩ জেলেসহ ট্রলার ডুবি, নিখোঁজ ২
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রবল ঢেউয়ের আঘাতে ১৩ জেলেসহ ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পর ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ট্রলারের কেবিনে থাকা দুই জেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার।

 

নিখোঁজ দুই জেলে হলেন বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে মো. রাকিব (১৯) এবং নিশানবাড়িয়া ইউনিয়নের পাওয়াপাড়া এলাকার হরমুজ আলী হাওলাদারের ছেলে মো. নবী হোসেন (৪৫)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার আল-আমীন ও গোলাম রাব্বির যৌথ মালিকানাধীন ‘এফবি জান্নাত-জুনায়েদ’ ট্রলারটি গত শনিবার রাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ১৩ জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়।

 

সোমবার সাগর উত্তাল হয়ে আবহাওয়া খারাপ হলে জেলেরা উপকূলে ফেরার উদ্দেশ্যে রওনা হন। মঙ্গলবার সকাল ৮টার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে পৌঁছালে প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে ডুবে যায়।

 

দুর্ঘটনার পর ১১ জেলে সাগরে ভেসে থাকার চেষ্টা করেন। এ সময় কাছাকাছি থাকা একটি মাছ ধরার ট্রলার তাদের দেখতে পেয়ে এগিয়ে এসে ১১ জনকে জীবিত উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া জেলেরা ওই ট্রলারে করে নিরাপদে উপকূলে ফিরে আসেন।

 

তবে ট্রলারের কেবিনে থাকা রাকিব ও নবী হোসেন বের হতে না পারায় নিখোঁজ রয়েছেন। সাগর উত্তাল থাকায় দুর্ঘটনার পরপরই তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

 

উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের মালিক মো. আল-আমীন বলেন, ‘ঢেউয়ের কারণে ট্রলারটি হঠাৎ উল্টে যায়। আমরা ১১ জন সাঁতরে বের হতে পারলেও ভেতরের কেবিনে দুইজন আটকে পড়েন। পরে সাগরে ভাসতে থাকা অবস্থায় অন্য একটি ট্রলার আমাদের দেখতে পেয়ে উদ্ধার করে। তবে সাগর উত্তাল থাকায় তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।’

 

উদ্ধার হওয়া ১১ জেলের মধ্যে ছয়জন তালতলী উপজেলার, চারজন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এবং একজন খুলনা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

 

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া জেলেদেরও খোঁজখবর রাখা হচ্ছে।’

বাংলাদেশ সময়: ৮:১৮:১৩ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ