কুয়াকাটায় নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের মিছিল, ১৪ শিশুসহ ১৯ জন গ্রেপ্তার

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের মিছিল, ১৪ শিশুসহ ১৯ জন গ্রেপ্তার
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কুয়াকাটায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল থেকে ১৯ জনকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৪ জন শিশু রয়েছে।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে হোটেল প্রেসিডেন্ট পার্কের সামনে বেড়িবাঁধের ওপর এ মিছিল হয় বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ জানায়, মিছিলের খবর পেয়ে মহিপুর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. আবুল কালাম আজাদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করলে ১৯ জনকে হেফাজতে নেওয়া হয়। এ সময় অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জন পালিয়ে যায়।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার আবুল কালাম খানের (১৯) হেফাজত থেকে একটি ব্যানার ও ১৫টি কালো মাস্ক জব্দ করা হয়। ব্যানারে লেখা ছিল, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা এবং অবৈধ ট্রাইব্যুনালের কালো আইন প্রত্যাহার করতে হবে’। ব্যানারে সৌজন্যে হিসেবে মো. রুবেল খান, বাংলাদেশ ছাত্রলীগ, কুয়াকাটা পৌর শাখার নাম উল্লেখ ছিল।

 

এ ঘটনায় মহিপুর থানায় মামলা হয়েছে। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ১৯ জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৩৮:০২ ● ৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ