
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে একটি আবাসিক হাফেজি মাদ্রাসা থেকে মো. মিনহাজ খান (১১) নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আবু বকর সিদ্দিক (রা.) নূরানী হাফিজিয়া মাদ্রাসার হেফজ শাখা থেকে বের হওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ওই শিশুটির পরিবার।
মিনহাজ ওই মাদ্রাসার হেফজ শাখার তৃতীয় জামাতের ছাত্র। তার বাবার নাম মো. রুহুল আমিন ওরফে ইউনুচ। তাদের বাড়ি জেলার দশমিনা উপজেলার নেহালগঞ্জ এলাকায়।
পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, রবিবার দুপুরের পর কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায় মিনহাজ। বিকেল ৩টার দিকে বিষয়টি জানাতে তার বাবাকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ ধারণা করে, মিনহাজ হয়তো বাড়িতে চলে গেছে। এ কারণে সেদিন আর তার বাবার সঙ্গে যোগাযোগ করা হয়নি।
মাদ্রাসার শিক্ষক মো. বায়জিদ হোসেন জানান, মিনহাজ এর আগেও কয়েকবার মাদ্রাসা থেকে চলে গিয়েছিল। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তার বাবার সঙ্গে আবার যোগাযোগ করা হলে তিনি জানান, মিনহাজ বাড়িতে পৌঁছায়নি। এরপর মাদ্রাসার শিক্ষক ও স্বজনরা বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন। তবে এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
বায়জিদ হোসেন বলেন, ‘আমরা মনে করছি, শয়তানের ওয়াসওয়াসার কারণে সে এভাবে চলে যেতে পারে। বিশেষ তদবির দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ তাকে পাওয়া যাবে।’
মিনহাজের বাবা রুহুল আমিন বলেন, ‘আমার ছেলে দুই দিন ধরে নিখোঁজ। গতকাল (রবিবার) মাদ্রাসা থেকে ফোন করা হয়েছিল, কিন্তু আমি ফোন ধরতে পারিনি। সব সময় ফোনের কাছে থাকা হয় না। তারা আবার ফোন করবে বলে ভেবেছিলাম। পরে আজ দুপুর ১২টার পর ফোন করে জানতে চায়, ছেলে বাড়িতে এসেছে কি না। আমি জানাই, সে বাড়িতে আসেনি। এরপর থেকেই আমরা খোঁজাখুঁজি করছি। এখনো কোনো সন্ধান পাইনি।’
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘নিখোঁজ ছাত্রের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি করা হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’